পোরশায় নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু
নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল পাতা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকটা) গ্রামের নুর বখতের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে পুনর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল পাতার কাজ করছিলেন সেলিম রেজা।
এ নিয়ে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত বস্তু দিয়ে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এতে সেলিম রেজা রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মাছ ধরার রিং জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক যুবকের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
