বগুড়ায় জমি বিক্রিতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, মায়ের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি
বগুড়ায় নিজের জমি বিক্রিতে বাধা, নানার বাড়ি থেকে পাওয়া সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন মো. শামীম আহমেদ নামে এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শামীম আহমেদ। তিনি বগুড়া সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত আবদুল কুদ্দুছ এবং মা মৃত শিরিন আক্তার।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম আহমেদ অভিযোগ করেন, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাজল ও তাঁর বড় ভাই আলম বিভিন্ন সময়ে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। গত ৪ সেপ্টেম্বর মায়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের জমি বিক্রির বিষয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন।
কিন্তু কাজল জমি বিক্রিতে বাধা দেন এবং জমি কিনতে আগ্রহী ব্যক্তিদেরও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি জমিতে কাজ করতে গেলেও তাঁকে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি তাঁর।শামীম জানান, এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পরে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। নানার বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ইমদাদুল হক মিলনকে দায়িত্ব দেওয়া হয় এবং গত ১৭ অক্টোবর সালিশের দিন নির্ধারণ করা হয়।তাঁর অভিযোগ, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠিত সালিশে কাজল, তাঁর বড় ভাই আলম, শামীমের মামা রফিক ও তাঁর ছেলে আল আমিন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। এ সময় কাজল জমি দখলের হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে দাবি শামীমের।সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে শামীম আহমেদ বলেন, জমি বিক্রি করতে না পারায় মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি তিনি। গত ১৬ অক্টোবর তাঁর মা বিনা চিকিৎসায় মারা গেছেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনার জন্য দায়ীদের বিচার চেয়ে তিনি বলেন, “আমি ছেলে হয়ে আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই।”তিনি আরও অভিযোগ করেন, নানার বাড়ি থেকে প্রাপ্য সম্পত্তিও তিনি বুঝে পাচ্ছেন না। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।সংবাদ সম্মেলনে শামীম আহমেদ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাঁর অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি নিজের জমি বিক্রি ও ভোগদখলের অধিকার নিশ্চিত করা, নানার বাড়ি থেকে প্রাপ্য সম্পত্তি বুঝে পেতে সহযোগিতা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।শামীম বলেন, “আমি কোনো প্রতিশোধ চাই না, শুধু ন্যায়বিচার ও নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।”এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
