পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫০ কৃষ্ণচূড়া বৃক্ষ রোপণ
নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। চারাগুলো নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হয়। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতিকে সবুজ ও সুশোভিত রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক মহোদয়ের এই মহতী উদ্যোগের ফলে আত্রাইয়ের এই সড়কটি ভবিষ্যতে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে সেজে উঠবে। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, এগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য স্থানীয় সর্বস্তরের জনগণকে এগিয়ে এসে এগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণ করতে হবে।”বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী এবং শ্রমিক দল নেতা মো. পলাশ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
