Joy Jugantor | online newspaper

মান্দায় আগুনে পুড়ল ৩ বিঘা জমির ধান, দিশেহারা কৃষক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ১৭ অক্টোবর ২০২৬

মান্দায় আগুনে পুড়ল ৩ বিঘা জমির ধান, দিশেহারা কৃষক

মান্দায় আগুনে পুড়ল ৩ বিঘা জমির ধান, দিশেহারা কৃষক

নওগাঁর মান্দায় মাড়াইয়ের জন্য কেটে স্তূপ করে রাখা তিন বিঘা জমির ধানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৫ থেকে ৪০ মণ ধান পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ময়েজ উদ্দিন। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ধানে আগুন দিয়েছে বলে অভিযোগ তার। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত কৃষক ময়েজ উদ্দিন জানান, অনেক কষ্টে তিন বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তিনি। পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ সেই ধানের স্তূপে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় অর্ধেকের বেশি ধান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।কৃষক ময়েজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘অনেক কষ্ট করে ধান চাষ করেছি।

ধান কেটে মাড়াই করে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আগুনে আমার সব আশা শেষ হয়ে গেল। কে বা কারা আগুন দিয়েছে, তা দেখতে পাইনি। তবে আমার ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।’তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কষ্টার্জিত ফসল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন।এদিকে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন সম্ভাবনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শফিউর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি পূর্ণাঙ্গ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে কোনো বৈদ্যুতিক সংযোগ কিংবা বাড়িঘর নেই। পথচারীর ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।’এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষয়ক্ষতির বিবরণ উল্লেখ করে আবেদন করলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা হবে।’