Joy Jugantor | online newspaper

নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি  

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ অক্টোবর ২০২৬

নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি  

নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি  

বগুড়ার নন্দীগ্রামে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার ৪৮ পূজামণ্ডপ এলাকা পুলিশের পাশাপাশি নজরদারি করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম ও কাহালু উপজেলার নিরাপত্তার বিষয়ে খোঁজ নিচ্ছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। তাঁর নির্দেশে সরেজমিনে প্রতিটি মণ্ডপে ছুটছেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতারা। আজ শনিবার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করছেন, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়, নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। বুড়ইল সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের দায়িত্বশীল সংগঠক ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, সংসদ সদস্য মোশারফ হোসেন প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খোঁজখবর রাখছেন। তাঁর নির্দেশে যুবদল নেতাকর্মীরা ঘুমহীন প্রহরী হয়ে নজরদারি করছে। জানানো হয়, নন্দীগ্রাম উপজেলার ৪৮ পূজামণ্ডপে সহায়তা দিয়েছেন সংসদ সদস্য মোশারফ হোসেন। ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা, ৬০০ কেজি চাল সরকারি চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে।