দুপচাঁচিয়ায় সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর লেনদেনবিষয়ক কর্মশালা
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) লেনদেনবিষয়ক উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে সোনালী ব্যাংকের দুপচাঁচিয়া শাখা ভবন প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় ব্যাংক কর্মকর্তা, মার্চেন্ট ও গ্রাহকেরা অংশ নেন।সোনালী ব্যাংকের দুপচাঁচিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার গোলাম মোস্তাকিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংকের বগুড়ার ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক শুভ্র বসাক, সোনালী ব্যাংকের বগুড়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহফুজা সরকার ও নূরে আলম সিদ্দিক।এ ছাড়া বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়াসিম রাহাদ আহমেদ, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম ডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল এবং গ্রাহক বেলাল হোসেন প্রমুখ।কর্মশালায় বাংলা কিউআর কোডের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেনে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।অনুষ্ঠান শেষে অতিথিরা গ্রাহকদের মধ্যে কিউআর কোড বিতরণ করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয় ।
