Joy Jugantor | online newspaper

মান্দায় নিহত শহিদুলের পরিবারের পাশে বিএনপি নেতা মতীন,

বিচারের দাবি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ১৮ অক্টোবর ২০২৬

বিচারের দাবি

মান্দায় নিহত শহিদুলের পরিবারের পাশে বিএনপি নেতা মতীন, বিচারের দাবি

নওগাঁর মান্দায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত শহিদুল ইসলামের (৪০) কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামে নিহতের বাড়িতে যান তিনি। এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন এবং যেকোনো সংকটে পাশে থাকার আশ্বাস দেন।পরে নিহত শহিদুল ইসলামের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি নেতা এম এ মতীন।এ সময় তিনি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার তাগিদ দেন। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশনা দেন।এম এ মতীন নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। শোকাহত পরিবারের পাশে বিএনপি থাকবে এবং ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।এ সময় কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জামান সোহানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তুলসীরামপুর গ্রামে ছয় শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম নিহত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০) আহত হন।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানায় হত্যা মামলা করেন। পুলিশ ইতোমধ্যে মামলার আসামি ইরজান ওরফে ফরিদা বিবিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।