বগুড়ার ৮নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী সভা
বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সেউজগাড়ী এলাকায় এ সভার আয়োজন করা হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, দৈনিক জয়যুগান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদ।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করার পর মাত্র কয়েক দিনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। তিনি কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বগুড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তারেক রহমানের হাত ধরে সেই উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়ন হবে। আগামী ৯ এপ্রিল উপনির্বাচনে আপনারা আবারও ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবেন। ধানের শীষ মানে শুধু একটি প্রতীক নয়, বরং এটি মানুষের শক্তি, স্বাধীনতার প্রতীক এবং ন্যায়ের পথে অগ্রযাত্রার প্রতিচ্ছবি।
