মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় সান্তাহারে পেট্রল পাম্পকে জরিমানা
মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড় এলাকায় অবস্থিত হা-মীম ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার পর পাম্পে মজুদ থাকা তেল পুনরায় ভোক্তাদের কাছে বিক্রি শুরু হয়।জানা যায়, মোটরসাইকেল চালকেরা পেট্রোল নিতে গেলে পাম্প কর্তৃপক্ষ তাদের জানায় যে, সেখানে কোনো পেট্রোল নেই।
বিষয়টি সন্দেহজনক মনে হলে অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনে পাম্পে পর্যাপ্ত তেলের মজুদ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় হা-মীম ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা জানান, এ ধরনের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
