Joy Jugantor | online newspaper

বগুড়ায় সাড়ে ৬৪ লাখ টাকার নকল রাজস্ব স্ট্যাম্প, সিগারেটসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৭, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ২২:২৮, ৩১ মার্চ ২০২৬

বগুড়ায় সাড়ে ৬৪ লাখ টাকার নকল রাজস্ব স্ট্যাম্প, সিগারেটসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় সাড়ে ৬৪ লাখ টাকার নকল রাজস্ব স্ট্যাম্প, সিগারেটসহ গ্রেপ্তার ৩

বগুড়ার শিবগঞ্জে সাড়ে ৬৪ লাখ টাকার নকল রাজস্ব স্ট্যাম্প, বিপুল পরিমাণ নকল সিগারেট ও উপকরণসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের একটি অস্থায়ী কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার তিন জন হলেন নীলফামারীর সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়ার মো. সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২), ও কামরুজ্জামান (২২)।

জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা শিবগঞ্জের রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা ও প্রবাসী আনোয়ার হোসেন বাড়ি ভাড়া নিয়ে একটি অস্থায়ী কারখানা বানান। সেখানে তারা গোপনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নকল ডার্বি এবং স্টার সিগারেট তৈরী করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই কারখানার খোঁজ পায় ডিবি পুলিশ। পরে তারা গতকাল ভোর রাতে সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৭৩ হাজার টি নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করে ডিবি। যার আর্থিক মূল্য সাড়ে ৬৪ লাখ টাকা। এ ছাড়া ৩ হাজার ২০০ শলাকা ডার্বি, ১০ হাজার শলাকা স্টার নকল সিগারেট উদ্ধার হয়। একই সাথে বিপুল পরিমাণ সিগারেট তৈরির উপকরণ উদ্ধার করে ডিবি পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা  দীর্ঘদিন ধরে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি করে আসছিলেন। এ ঘটনায়  ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে কর্মরত অসিত কুমার ঘোষ বাদি হয়ে মামলা করেছেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় গ্রেপ্তার তিন জনদের আদালতে পাঠানো হয়েছে।