গোবিন্দগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও খোলা বাজারে বিক্রি করার অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানাসহ মজুদ রাখা ১শ'৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে ৷গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয় ৷অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে উপজেলার কামদিয়া বাজারের মুদি দোকানি আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার দোকানে থাকা ১শ'৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।এ ছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করা ও অসদুপায়ে জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স আশা এন্টারপ্রাইজ নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ২০(১)(ক) ধারা অনুযায়ী ওই দুই ব্যবসায়ীকে এই অর্থদণ্ড প্রদান করা হয় ৷
