Joy Jugantor | online newspaper

গাবতলীতে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে আহত বগুড়ার তিন সাংবাদিক

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩১, ২২ অক্টোবর ২০২৬

গাবতলীতে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে আহত বগুড়ার তিন সাংবাদিক

গাবতলীতে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে আহত বগুড়ার তিন সাংবাদিক

বগুড়ার গাবতলীতে এক সার ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনির শিকার হয়েছেন তিন সাংবাদিক। এতে বিপ্লব নামের এক সাংবাদিকের বাম হাত ভেঙে গেছে। গত বুধবার  (২১ অক্টোবর সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া দহ ঢালাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে বিপ্লব, রাজিব ও মিথুন নামের বগুড়ার তিন সাংবাদিক দুটি মোটরসাইকেলে করে গাবতলীর পেরিহাট এলাকায় যান। সেখানে সারবোঝাই একটি ভ্যান আটকে দুই লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এ নিয়ে খুচরা সার ব্যবসায়ী সাইফুল ইসলামের সঙ্গে তাঁদের উচ্চবাচ্য হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে তিন সাংবাদিককে মারধর করেন। এতে বিপ্লবের বাম হাত ভেঙে যায় এবং তাঁরা গুরুতর আহত হন বলে জানা গেছে।আহত সাংবাদিক বিপ্লবের দাবি, খুচরা সার ব্যবসায়ী সাইফুল ইসলাম পাঁচটি ভ্যানে করে ১ হাজার বস্তা সার অন্যত্র নিয়ে যাচ্ছিলেন।

বিষয়টি জানতে চাইলে তাঁদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। পরে তাঁদের ওপর হামলা চালানো হয়।অন্যদিকে, সার ব্যবসায়ী সাইফুল ইসলাম দাবি করেন, বিপ্লব, রাজিব ও মিথুন সারবোঝাই ভ্যান আটকে দুই লাখ টাকা চাঁদা চান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের মারধর করেন। এর আগেও ওই তিন সাংবাদিক নিউজ করার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।সার ব্যবসায়ীদের দাবি, বিপ্লব, রাজিব ও মিথুন ছাড়াও বগুড়ার আরও কয়েকজন সাংবাদিক মাঝেমধ্যে গাবতলীতে এসে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে কোনো পক্ষের লিখিত অভিযোগ পাননি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তাঁরা জানান।