পোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া মাদ্রাসা পুকুরে এ ঘটনা ঘটে। নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। গোসলে নেমে সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত সাঁতরে গিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
