বগুড়া সদরের শেখেরকোলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তেলিহারা সুপার ইলেভেন চ্যাম্পিয়ন
বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ভান্ডার পাইকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে ৯নং ওয়ার্ড শেখেরকোলা বন্ধু একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে ৬নং ওয়ার্ড তেলিহারা সুপার ইলেভেন ফুটবল টিম।খেলা শেষে ভান্ডার পাইকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
শেখেরকোলা ইউনিয়ন যুব ও ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা যুবদলের সদস্য (দায়িত্বপ্রাপ্ত দাপ্তরিক) ও শেখেরকোলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী জায়দার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সদস্য সচিব মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম,যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক রাব্বী, রাশেদুল আলম সুমন, সহকারী পরিচালক হারুনার রশিদ বেলাল,আব্দুল মোমিন, শেখেরকোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা,লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরতা,নুনগোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ প্রকৌশলী মানিক, শাখারিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাকিল প্রাং সহ স্থানীয় যুবদল ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণী পর্বে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, জুয়া ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।আয়োজকরা জানান, শেখেরকোলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের তরুণদের সম্পৃক্ত করে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় বিপুলসংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
