যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রী সেজে ২ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার
যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রী পরিচয়ে ২ হাজার পিস ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১টা থেকে ২টার মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এসএস ফুড জোনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের কোতয়ালী থানার জীবনপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. আব্দুল হামিদ (৩৮) এবং বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ (১৮)।ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে বাংলাবান্ধাগামী ‘শালকী সুপার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী কোচে অভিযান চালানো হয়। এ সময় কোচটির F-3 ও F-4 নম্বর আসনে বসা দুইজনকে স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রা করতে দেখা যায়। তাদের কাছে বাসের কোনো টিকিটও ছিল না।
তল্লাশি চালিয়ে আব্দুল হামিদের পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে ৫টি প্যাকেটে মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে মৌয়ের দেহ ও কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে আরও ৫টি প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।উদ্ধার করা ইয়াবার মোট সংখ্যা ২ হাজার পিস এবং ওজন ২০০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।ডিএনসি জানিয়েছে, এই মাদক চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।মাদকবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
