Joy Jugantor | online newspaper

পথ বন্ধ করে কয়েকটি পরিবার অবরুদ্ধ, আদালতে মামলা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ২৮ মার্চ ২০২৬

পথ বন্ধ করে কয়েকটি পরিবার অবরুদ্ধ, আদালতে মামলা

পথ বন্ধ করে কয়েকটি পরিবার অবরুদ্ধ, আদালতে মামলা

বগুড়ার গাবতলীতে টিনের ঘর তুলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী রুহুল ইসলাম আদালতের আশ্রয় নিয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া মধ্যপাড়া গ্রামে।জানা গেছে, ওই গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে রুহুল ইসলামের বাড়ির চলাচলের একমাত্র রাস্তার ওপর টিনের ঘর তুলে পথ বন্ধ করে দেয় প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।পরবর্তীতে ভুক্তভোগী রুহুল ইসলাম শাহজাহান আলী কালু, আলমগীর হোসেন টিটু, বনি উদ্দিন আকন্দ ও জহুরুল ইসলাম সান্নাকে অভিযুক্ত করে গত ২৭ জানুয়ারি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।এর প্রেক্ষিতে আদালত ৮ ফেব্রুয়ারি গাবতলীর সহকারী কমিশনার (ভূমি)কে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ২৪ ফেব্রুয়ারি জমা দেওয়া প্রতিবেদনে রাস্তা খোলা রাখার পক্ষে মত দেওয়া হয়।

পরে আদালত গত ২৬ ফেব্রুয়ারি গাবতলী মডেল থানার ওসিকে ৭ দিনের মধ্যে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেন। সেই অনুযায়ী থানার এসআই আবুল হোসেন গত ৬ মার্চ ঘটনাস্থলে গিয়ে রাস্তা খুলে দেন।তবে অভিযোগ রয়েছে, গত ২৭ মার্চ আবারও প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে টিনের ঘর তুলে চলাচলের একমাত্র পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে রুহুল ইসলামের পরিবার পুনরায় অবরুদ্ধ হয়ে পড়ে।আদালতের নির্দেশ বাস্তবায়নে পুলিশ প্রশাসনের ব্যর্থতায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হোসেন বলেন,“ঘটনাস্থলে একাধিকবার গিয়েছি এবং রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করেছি। কিন্তু কিছু ব্যক্তি বারবার রাস্তা বন্ধ করে দিচ্ছে। সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্থায়ী সমাধান প্রয়োজন।”এদিকে চলাচলের পথ ফিরে পেতে ভুক্তভোগী রুহুল ইসলাম আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন।