তালোড়ায় রেললাইন পার হতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন সিএনজি চালক
দুপচাঁচিয়ার তালোড়ায় অনিরাপদ রেলক্রসিং পার হতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক সিএনজি চালক। তবে এসময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাটি ঘটে ২৭ মার্চ শুক্রবার বিকেলে তালোড়া দেবখণ্ড এলাকায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৫টার দিকে উপজেলার তালোড়া রেলস্টেশনের পশ্চিমে দেবখণ্ড গ্রাম থেকে এক সিএনজি চালক রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর সিএনজিটি বন্ধ হয়ে যায়। এসময় চালক সেটি ঠেলে সরানোর চেষ্টা করেন।
এদিকে ঢাকা থেকে বগুড়াগামী দ্রুতগতির বুড়িমারী এক্সপ্রেস ট্রেন কাছাকাছি চলে আসলে চালক দ্রুত সিএনজি থেকে নেমে প্রাণে রক্ষা পান। তবে ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে লাইন থেকে ছিটকে পড়ে যায়।দেবখণ্ড গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মনোয়ারুল করিম তালুকদার বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক হয়ে রেললাইন পার হতে হবে। এই অনিরাপদ রেলক্রসিং দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে। এখানে দ্রুত গেট বসানো ও স্থায়ী গার্ড নিয়োগের দাবি জানান তিনি।তালোড়া স্টেশন মাস্টার সোহাগ হোসেন জানান, ৮০৯ আপ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তিনি আরও বলেন, অনিরাপদ রেলক্রসিং এলাকায় নিজ দায়িত্বে সতর্ক হয়ে পারাপারের জন্য নির্দেশনা দেওয়া রয়েছে।
