বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ আকন্দ এমপিকে বর্ণাঢ্য সংবর্ধনা
গাইবান্ধা-৫ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহেদ আকন্দ এমপিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১০টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বারইকোনা এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন “বারইকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা”র উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল ওয়াহেদ আকন্দ বলেন,“জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে ‘জুলাই সনদ’ তৈরি করা হয়েছিল, তা বাস্তবায়নে বর্তমান সরকারের টালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এই সনদ দ্রুত বাস্তবায়ন করা জরুরি।”তিনি আরও বলেন,“তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সামাজিক সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। এসব সংগঠন যেন রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা সঠিক প্রক্রিয়ায় পায়, তা নিশ্চিত করা হবে। দেশের উন্নয়ন শুধু দাপ্তরিক কাজে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কর্ণধার ও শিকড় হাউজিংয়ের চেয়ারম্যান আলহাজ শহিদুজ্জামান খন্দকার। তিনি তার বক্তব্যে সংগঠনের দীর্ঘদিনের সামাজিক কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন,“বারইকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা এলাকার অবহেলিত মানুষের আশার আলো। আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে অবদান, দুস্থদের চিকিৎসা সহায়তা এবং বেকার যুবকদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের স্বেচ্ছাসেবকরা সবসময় মানুষের পাশে থাকে। আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা শাখার আমির মাওলানা ইব্রাহিম এবং কামালেরপাড়া ইউনিয়ন আমির নুর আলম সিদ্দিকী। তারা এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন।অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে এমপি আব্দুল ওয়াহেদ আকন্দকে সম্মাননা ক্রেস্ট ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
