Joy Jugantor | online newspaper

মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে

যোগ্যতার প্রমাণ চাইল বার কাউন্সিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩১, ১৫ মে ২০২৬

যোগ্যতার প্রমাণ চাইল বার কাউন্সিল

মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমাণ চাইল বার কাউন্সিল

কলকাতা হাইকোর্টে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র আইনজীবী হিসেবে লড়াইয়ের ঘটনায় তার পেশাগত যোগ্যতা ও আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল অব ইন্ডিয়া। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে জরুরি ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা হাইকোর্টে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বুলডোজার দিয়ে উচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় কালো কোট ও সাদা ব্যান্ড পরে আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পরই বিষয়টি নিয়ে সক্রিয় হয় বার কাউন্সিল অব ইন্ডিয়া।সংস্থাটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে মমতার এনরোলমেন্ট, প্র্যাকটিস স্ট্যাটাস এবং পেশাগত আচরণবিধি মানা হয়েছে কি না তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ সময় একটি সাংবিধানিক পদে থাকার কারণে তার আইনজীবী হিসেবে নিবন্ধন ও প্র্যাকটিস চালুর প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নথিপত্র দেখে নিশ্চিত করতে হবে।আগামী ১৬ মের মধ্যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, তিনি বার কাউন্সিলে নিবন্ধিত কি না, এনরোলমেন্ট নম্বর ও তারিখ, মুখ্যমন্ত্রী থাকাকালে প্র্যাকটিস স্থগিত করেছিলেন কি না, পুনরায় প্র্যাকটিস শুরুর জন্য কোনো আবেদন করেছিলেন কি না এবং বর্তমানে তার প্র্যাকটিস সার্টিফিকেট বৈধ কি না।এছাড়া সংশ্লিষ্ট সব নথির সার্টিফায়েড কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালে কোনো নথি পরিবর্তন বা সংশোধন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।এই ঘটনার পর ভারতের আইন অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রতিক্রিয়া এখনো প্রকাশ পায়নি।