গাবতলীতে সরকারি স্কুলে সরকারি ফ্যান দিয়ে ধান শুকানোর অভিযোগ
বগুড়ার গাবতলীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সরকারি ফ্যান ব্যবহার করে ধান শুকানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের কয়েকজন প্রভাবশালী প্রতিবেশী প্রতিদিন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সরকারি ফ্যান চালিয়ে ধান শুকাচ্ছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, এর বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পান বিদ্যালয়ের কিছু শিক্ষক। এ কারণেই বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের মাঠে শিশুদের খেলার সামগ্রীর পাশে ছাগল বেঁধে রাখা হয়। এছাড়া বিদ্যালয়ের টিউবওয়েল ও বাথরুমও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম সুলতানা বলেন, “স্কুলের ফ্যান দিয়ে ধান শুকানো হচ্ছে। কিন্তু বিদ্যুতের বিল তো সরকারি তহবিল থেকেই পরিশোধ করা হয়।”এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সঙ্গে বুধবার দুপুরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।তবে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
