Joy Jugantor | online newspaper

রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকা এক লাখ টাকা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১৩ মে ২০২৬

আপডেট: ২১:৫০, ১৩ মে ২০২৬

রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকা এক লাখ টাকা

রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকা

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর পশুর হাটে কোরবানির গরু কিনতে এসে পকেটমারের শিকার হয়েছেন এক ক্রেতা। বুধবার বেলা ১১টার দিকে হাটে প্রবেশের পরপরই তার প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন ক্রেতা নুরুজ্জামান (৪২)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার নাজমুল হকের ছেলে।নুরুজ্জামান জানান, ‘৫ জন মিলে একটি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অংশীদাররাসহ আবাদপুকুর হাটে আসি গরু কিনতে। বেলা ১১টা নাগাদ হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়। পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। সঙ্গে সঙ্গে টাকা উদ্ধারের জন্য আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি।

তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি।’ আবাদপুকুর হাটের ইজারাদারের একজন অংশীদার হাজের আলী জানান, প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি ওই ক্রেতা জানিয়েছে। কিন্তু টাকা উদ্ধারের কোনো সুরাহা করা যায়নি। তিনি বলেন, টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জাল টাকা দেখে লেনদেন করতে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুর হাটে সব সময় মাইকিং করা হচ্ছে। তার পরেও যদি কেউ সচেতন না হয়, তাহলে কী করার আছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, টাকা চুরির ঘটনাটি শুনেছি, তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।