Joy Jugantor | online newspaper

বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ১৩ মে ২০২৬

বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার গ্রেপ্তার ২

বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার গ্রেপ্তার ২

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের মূল্যবান কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালান চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৪) এবং বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকার নাহিদুর রহমান (৩২)। বুধবার (১৩ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এ তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি করে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মূল্যবান মূর্তি সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিদেশে পাচারের সঙ্গে জড়িত একটি চক্র কাজ করে আসছে। গ্রেপ্তারকৃতরা ওই চক্রের সক্রিয় সদস্য। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।