দুপচাঁচিয়ায় এমপি আব্দুল মহিতের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ।সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন। পূজামণ্ডপ ঘুরে দেখেন ও পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পূজা উদ্যাপনে কোনো সমস্যা হচ্ছে কি না, নিরাপত্তা পরিস্থিতি কেমন এবং আয়োজকদের কোনো সহযোগিতা প্রয়োজন কি না, সে বিষয়ে খোঁজ নেন তিনি।এ সময় আব্দুল মহিত তালুকদার বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ সমান এবং সবার অধিকার সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীসহ উপজেলা ও স্থানীয় দলীয় নেতাকর্মীগন।উল্লেখ, উপজেলায় এ বছর মোট ৪৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
