আদমদীঘিতে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার
নওগাঁর আদমদীঘি উপজেলায় বাঁশঝাড় থেকে হালিমা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমুদ্দিন মণ্ডলের মেয়ে। তিনি বাবার বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।নিহতের ছোট ভাই মজনু হোসেন জানান, রোববার রাতে খাবার খেয়ে হালিমা নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে বাড়ির পূর্ব দিকে একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রায় ৩০ বছর আগে হালিমা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি দুই ভাইয়ের সঙ্গে আলাদাভাবে বসবাস করতেন।স্থানীয়দের প্রাথমিক ধারণা, হালিমা বেগমকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তাঁর শরীর ও কানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
