Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ১৩ মে ২০২৬

দুপচাঁচিয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

দুপচাঁচিয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

দুপচাঁচিয়ায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আবুল বাশার (৫৯) নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল বাশার দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।এ ঘটনায় দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী-কাম-মুদ্রাক্ষরিক ও গাবতলী উপজেলার বাগবাড়ী নশিপুর গ্রামের ছামছুল হক তালুকদারের ছেলে পলাশ আলম বাদী হয়ে মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেন।থানা সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোজাফফর রহমান টিটু ২০২৪ সালের ২৭ জুলাই মারা গেলে পদাধিকার বলে এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পত্রের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৫ এপ্রিল দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সভাপতির দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের কাছে বিদ্যালয়ের হিসাব-নিকাশ জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।গত ৬ মে বিদ্যালয়ের অফিস কক্ষে জরুরি সভা আহ্বান করা হলে প্রধান শিক্ষক আবুল বাশারের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। অভিযোগ রয়েছে, গত ২৮ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে একটি রেজুলেশন তৈরি করেন তিনি। এছাড়াও ২০২৫ সালের ৩০ জুন অগ্রণী ব্যাংক পিএলসি দুপচাঁচিয়া শাখার একটি চেকে মৃত সাবেক সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।