Joy Jugantor | online newspaper

বগুড়ায় নারীদের সাবলম্বী করতে হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ ও ভাতা প্রদান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ৫ মে ২০২৬

আপডেট: ২০:০৮, ৫ মে ২০২৬

বগুড়ায় নারীদের সাবলম্বী করতে হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ ও ভাতা প্রদান

বগুড়ায় নারীদের সাবলম্বী করতে হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ ও ভাতা প্রদান

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বগুড়ায় সাতদিনব্যাপী হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের ভাতা এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। বগুড়া সদর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং মেরী যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার বিকেলে বগুড়া সেন্ট্রাল স্কুলের অ্যাডভোকেট আব্দুল বারী অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেরী যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছা: মেহেরুন নেছা মেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: তোছাদ্দেক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। হাঁস-মুরগী পালন সহজ ও লাভজনক হওয়ায় এটি নারীদের জন্য একটি সম্ভাবনাময় খাত। নারীরা যদি এই খাতে এগিয়ে আসে, তাহলে পারিবারিক অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে নারীরা এ খাতে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম লিটন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম রব্বানী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছরোয়ার আলম এবং সফল আত্মকর্মী ও প্রশিক্ষক লাইভস্টক সার্ভিস প্রোভাইডার সাজেদুর রহমান। নুরুল ইসলাম লিটন তার বক্তব্যে বলেন, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। হাঁস-মুরগী পালন একটি সহজলভ্য ও লাভজনক উদ্যোগ, যা নারীরা ঘরে বসেই পরিচালনা করতে পারেন। এর মাধ্যমে তারা নিজেদের আয় বৃদ্ধি করার পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদাও পূরণ করতে সক্ষম হবেন। এসময় তিনি প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ কাজে লাগিয়ে চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টি করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করেন।