রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ট্রাকে আগুন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আক্কাস আলী নামে একজন নিহত হন। এর জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।নিহত আক্কাস আলী ওই এলাকায় একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন। তাঁর বাড়ি জেলার চারঘাট উপজেলার সদরের থানাপাড়া মহল্লায়। মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আক্কাস।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। যে ট্রাকের ধাক্কায় আক্কাস আলী নিহত হন সেই ট্রাকে তারা আগুন জ্বালিয়ে দেন।
এছাড়া আরও একটি ড্রাম ট্রাক আটকে আগুন দেওয়া হয়।খবর পেয়ে পবা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ভিডিও করার কারণে স্থানীয় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে ভেঙে ফেলা হয়। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারে পুঠিয়া থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ। এরপর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে গেলে তাদেরও বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।’তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
