পাঁচবিবিতে ছোট যমুনা নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ
পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মসমাবাদ এলাকায় ছোট যমুনা নদীর পানির প্রবাহের পথ বন্ধ করে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি এবং কৃষকের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, স্থানীয় ব্যক্তি জহুরুল ইসলাম সরকারি নিয়মনীতি উপেক্ষা করে মসমাবাদ এলাকায় ছোট যমুনা নদীর পানির প্রবাহ বন্ধ করে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন। পাশাপাশি নদীর তীরবর্তী কৃষকদের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। এতে কৃষকদের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আরিফুল ইসলাম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন। একই সঙ্গে তিনি পাঁচবিবি থানায়ও লিখিত অভিযোগ দায়ের করেছেন।ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তারা মাটি কাটা ও বালু উত্তোলনে বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।এ বিষয়ে পাঁচবিবি উপজেলা প্রশাসনর সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অভিযান পরিচালনার সময় কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে থাকা ভেকু যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
