ধুনটে এতিম যুবতিকে বেঁধে নির্যাতনের অভিযোগ, মামলা দায়ের
বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক এতিম যুবতিকে (১৯) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁন মিয়া (৪০) নামে এক ব্যক্তিসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ।ঘটনাটি উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী বিলপাড়া গ্রামে গত ১৩ এপ্রিল সকালে ঘটে। অভিযুক্ত চাঁন মিয়া ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবতির বাবা বহু আগেই মারা গেছেন। মা অন্যত্র বিয়ে করে আলাদা সংসার করায় তিনি দীর্ঘদিন ধরে অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে বসবাস করছিলেন। কয়েক দিন আগে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে চাঁন মিয়ার বিরোধের সৃষ্টি হয়।এর জেরে গত ১৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে চাঁন মিয়া ও তার সহযোগীরা ওই যুবতিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরে এক প্রতিবেশীর বাড়ির আঙিনায় একটি আম গাছের সঙ্গে তার হাত-পা বেঁধে রেখে শারীরিক নির্যাতন করা হয়। এতে গুরুতর আহত হয়ে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।চিকিৎসা গ্রহণ শেষে ১৬ এপ্রিল বাড়ি ফিরে ভুক্তভোগী ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চাঁন মিয়াসহ চারজনকে আসামি করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ভুক্তভোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে।
