সোনাতলায় সীমানা বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৩
বগুড়ার সোনাতলায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বালুয়া ইউনিয়নের পাতিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আহতরা হলেন শাহ আলম সাকিদারের স্ত্রী বিলকিস বেগম (৪৫), ছেলে রিফাত সাকিদার (১৮) এবং ভাগিনা হানিফ (৩৫)। এ ঘটনায় আহত হানিফ বাদী হয়ে সোনাতলা থানায় ছয়জনকে নামীয় আসামি করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ বাড়ির সীমানা ঘেঁষে টিনের ঘর নির্মাণের জন্য খুঁটি বসানোর কাজ চলছিল। এ সময় একই গ্রামের আকরাম হোসেন রিংকু, মোতালেব, আমির হোসেন, নান্নু সাকিদার, রিনা বেগম ও মেনু সাকিদারসহ কয়েকজন এসে কাজে বাধা দেন।
একপর্যায়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষ লাঠি, সোটা ও স্টিল পাইপ দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।এতে বিলকিস বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে রক্ষা করতে গেলে হানিফ ও রিফাতকেও মারধর করা হয়। হানিফের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।অপরদিকে অভিযুক্ত আকরাম হোসেন রিংকু অভিযোগ অস্বীকার করে জানান, জমির সীমানা নিয়ে আগের দিন থেকেই বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে মীমাংসার কথা থাকলেও তার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের পক্ষ থেকেও মারধরের অভিযোগ তোলা হয়েছে।স্থানীয় ইউপি কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল এবং সার্ভে করে সীমানা নির্ধারণও করা হয়েছিল। এরপরও উত্তেজনা থামেনি।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
