কলোরাডো র্যাপিডসের বিপক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্প্রতি ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হ্যাভিয়ের মাশ্চেরানো। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন গুইলারমো হয়োস। তার অভিষেক ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জিতেছে মায়ামি। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।
শনিবার (১৮ এপ্রিল) কলোরাডো র্যাপিডসের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে বার্তেরামের হেডে স্কোর ২-০ হয়।
রাফায়েল নাভারো ৫৮তম মিনিটে র্যাপিডসদের হয়ে একটি গোল শোধ দেন। ড্যারেন ইয়াপি বদলি নামার কয়েক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে ৬২তম মিনিটে ২-২ এ সমতা ফেরান।
এরপর ম্যাচের ৭৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে মায়ামিকে তিন পয়েন্ট এনে দেন মেসি। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে মেসি ডানপাশ দিয়ে আক্রমণে যান। পেনাল্টি বক্সে ঢুকে দুর্দান্ত শটে বল জালে জড়ান।
এই জয়ে মায়ামি সাত ম্যাচ অপরাজিত থাকলো। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে থাকলো মেসি-সুয়ারেজরা।
