Joy Jugantor | online newspaper

সৌদি কোচের পদ হারালেন রেনার্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪, ১৮ এপ্রিল ২০২৬

সৌদি কোচের পদ হারালেন রেনার্ড

বিশ্বকাপের আগে সৌদি কোচের পদ হারালেন রেনার্ড। ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র দুই মাস। এই চূড়ান্ত মুহূর্তে বড় এক নাটকীয়তার জন্ম দিল সৌদি আরব। বরখাস্ত করা হয়েছে দলটির অভিজ্ঞ এবং সফল ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে। গতকাল ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী এই কোচ নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০২৪ সালের শেষ দিকে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনির ব্যর্থ মেয়াদের পর রেনার্ডকে দ্বিতীয়বারের মতো ফিরিয়ে এনেছিল সৌদি আরব। কিন্তু বিশ্বকাপের দোরগোড়ায় এসে এমন আকস্মিক সিদ্ধান্তে ফুটবল বিশ্বে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। রেনার্ডের অধীনেই সৌদি আরব এবারের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল।

বিদায় বেলায় নিজের অর্জন নিয়ে দারুণ গর্ব প্রকাশ করেছেন হার্ভে রেনার্ড। তিনি জানিয়েছেন, সৌদি আরব মোট সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এর মধ্যে দুইবারই তারা কোয়ালিফাই করেছে তার অধীনে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক ২-১ গোলের মহাকাব্যিক জয় রেনার্ডেরই অধীনেই এসেছিল। 

এর আগে তিনি জাম্বিয়া এবং আইভরি কোস্টের হয়ে দুইবার আফ্রিকা কাপ অব নেশনস জিতে ইতিহাস গড়েছিলেন। সৌদি আরবের প্রথম মেয়াদের পর তিনি ফ্রান্সের নারী দলের দায়িত্ব নিয়েছিলেন। সেখানে ২০২৩ নারী বিশ্বকাপ এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে দলকে পৌঁছে দিয়েছিলেন তিনি। কিন্তু সৌদির পুরোনো দায়িত্ব ফিরে পাওয়ার কয়েক মাস পরেই তাকে আবারও বিদায় নিতে হলো।

রেনার্ভের উত্তরসূরি হিসেবে এখন শোনা যাচ্ছে গ্রিসের সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় জর্জিওস ডনিসের নাম। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল খালিজের দায়িত্বে আছেন এবং ফেডারেশনের সঙ্গে তার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরব পড়েছে 'এইচ' গ্রুপে। যেখানে তাদের লড়তে হবে দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের বিপক্ষে। 

এছাড়া গ্রুপের তৃতীয় প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। এই গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতেই সৌদি আরব তাদের বিশ্বকাপের সেরা সাফল্য হিসেবে শেষ ১৬-তে খেলেছিল। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরব এখন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের নেশায় মরিয়া।