সোনাতলায় ঝটিকা সফরে আইনমন্ত্রী আসাদুজ্জামান
বগুড়ার সোনাতলা উপজেলায় আকস্মিক এক ঝটিকা সফর করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তার এই সংক্ষিপ্ত সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে তিনি সোনাতলা পৌর এলাকার ঘোড়াপীরস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে উপস্থিত হন। সেখানে কিছু সময় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি নিকটবর্তী একটি মসজিদে নামাজ আদায় করেন।
ৎসফরের অংশ হিসেবে পরবর্তীতে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামে গিয়ে তার ঘনিষ্ঠজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব ছানার সঙ্গে সাক্ষাৎ করেন।জানা গেছে, আগামী ২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে তারেক রহমান-এর সফরসঙ্গী হিসেবে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। সেখান থেকেই সময় বের করে সোনাতলায় এই সংক্ষিপ্ত সফর সম্পন্ন করেন।উল্লেখ্য, আসাদুজ্জামান ২০২৪ সালের ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি আইনমন্ত্রী হিসেবে শপথ নেন।তার এই হঠাৎ সফরকে কেন্দ্র করে এলাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে।
