বগুড়ায় তথ্য অফিসের উদ্যোগে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস বিফিং
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রচার কৌশল দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের অবহিতকরণের লক্ষ্যে বগুড়ায় প্রেস ব্রিফিং করা হয়েছে। বুধবার (১৩ মে) বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলার সিনিয়র তথ্য অফিসার মুহা: মাহফুজার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ সোহেল মিয়া, প্রজেকশনিস্ট মোঃ ফিরোজুল হক ডাবলু, ঘোষক মোঃ হানজালা প্রমুখ।
অনুষ্ঠানে বগুড়া জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী প্রধান প্রতিশ্রুতি নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড চালু, দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ, ২০হাজার কিলোমিটার নদী ও খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্যব্যবস্থাপনা চালু করা। এছাড়া সবধরনের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দর জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা। এতে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রচার কৌশল তুলে ধরা হয়।
