Joy Jugantor | online newspaper

বগুড়া সিটি কর্পোরেশনের নাগরিকদের মাঝে

বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ১৩ মে ২০২৬

বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

বগুড়া সিটি কর্পোরেশনের নাগরিকদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু

গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১২০তম বৈঠকে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই ঘোষণার পর নগরের প্রায় ১০ লাখ জনসংখ্যা অধ্যুষিত নতুন এই সিটি কর্পোরেশনের নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি পূর্ণাঙ্গ ওয়াসা গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। বুধবার (১৩ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পানি সরবরাহ-২ শাখা এর সিনিয়র সহকারি সচিব মোছাঃ শাকিলা পারভীন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, পরিবেশবান্ধব টেকসই ও গণমুখী পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষ বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় ওয়াসা গঠনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, পানির চাহিদা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে, আধুনিক উপায়ে সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য এই ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি দেওয়ায় স্থানীয় সরকার বিভাগ দ্রুত প্রশাসনিক কাঠামো, জনবল নিয়োগ এবং নাগরিক সেবা সম্প্রসারণের কাজ শুরু করেছে। যার মধ্যে আধুনিক পানি ব্যবস্থাপনা অন্যতম। বর্তমানে শহরের করতোয়া নদী দূষণ এবং ভূগর্ভস্থ পানির আর্সেনিক ঝুঁকি কমাতে, একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প (ওয়াসা) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যা নগরীর বর্ধিত এলাকার চাহিদা পূরণ করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুতই ওয়াসা গঠনের গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রস্তুতি শেষ করা হবে।