কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বগুড়া সদর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হারুন-উর রশিদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আল মাহমুদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামসহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানে ৮০জন কৃষকদের মাঝে জনপ্রতি ১কেজি পেঁয়াজের বীজ, এমওপি সার ২০ কেজি, ড্যাপ সার ২০ কেজি, কীটনাশক ও চারা তৈরির জন্য পলিথিন পেপার এবং ৬ থেকে ৮ মাস ৩০০মণ পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
