Joy Jugantor | online newspaper

সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত করতে তালা ঝুলিয়ে দিল বিএনপি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৮, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪০, ১৮ নভেম্বর ২০২৬

সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত করতে তালা ঝুলিয়ে দিল বিএনপি

সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত করতে তালা ঝুলিয়ে দিল বিএনপি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের কতিপয় দোসর সাংবাদিককে বিতাড়িত করার দাবিতে প্রেসক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তাঁরা সাংবাদিকদের উদ্দেশে ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন।সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, প্রেসক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক আওয়ামী লীগের দোসর। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এ ছাড়া কতিপয় সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন না করে তাঁদের দলীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।

এতে বিএনপি সরকারও বিতর্কিত হচ্ছে।বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। তা না হলে প্রেসক্লাবে শুধু তালা ঝোলানোই শেষ নয়, আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ওই প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করা হবে।এ বিষয়ে জানতে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, শুনেছি বুধবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবেন। তবে আমরাও চাই, প্রেসক্লাবটি আওয়ামী লীগের দোসরমুক্ত থাকুক।