নওগাঁয় নবজাতক চুরির অভিযোগ, তদন্তে মেলেনি যমজ সন্তানের প্রমাণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক চুরির অভিযোগের তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ থাকলেও তদন্ত কমিটির পর্যালোচনায় গর্ভে একটি সন্তান থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে নবজাতক চুরির অভিযোগ ও যমজ সন্তান জন্মের দাবি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।ঘটনাটি তদন্তে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. মো. শরীফ চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত শনিবার (১৪ নভেম্বর) তদন্ত কমিটি জেলা সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দেয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়, অপারেশনকারী সার্জন, অপারেশন দলের অন্যান্য সদস্য, রোগীর আত্মীয়স্বজন, সংশ্লিষ্ট সনোলজিস্টদের বক্তব্য, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও প্রাপ্ত ছবিগুলো পর্যালোচনা করে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে যে, রোগী ও তাঁর স্বজনদের অপারেশনের আগে পর্যাপ্ত কাউন্সেলিং করা প্রয়োজন ছিল। কিন্তু অপারেশনকারী সার্জন ও সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে তা যথাযথভাবে করা হয়নি।
বিশেষ করে যখন দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট পাওয়া যায়, যার একটিতে একটি সন্তান এবং অন্যটিতে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। এ ছাড়া আল্ট্রাসনোগ্রাফি শতভাগ নিশ্চিত পরীক্ষা নয়। গর্ভকাল বৃদ্ধির সঙ্গে সঙ্গে গর্ভে একটি নাকি একাধিক সন্তান রয়েছে, তা নির্ণয়ে ভুলের সম্ভাবনাও বাড়তে পারে।গত ২১ অক্টোবরের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ শিশুর একটির ওজন ২ কেজি ৩৩১ গ্রাম এবং অপরটির ওজন ২ কেজি ৪৮৬ গ্রাম উল্লেখ করা হয়। কিন্তু প্রসবের পর শিশুর ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম, যা যমজ শিশুর ক্ষেত্রে একটি শিশুর ওজন হিসেবে অস্বাভাবিক বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদানকারী রেজিস্টারেও যমজ শিশুর কোনো তথ্য পাওয়া যায়নি।
সরবরাহ করা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের সঙ্গে সংযুক্ত ছবিগুলো পর্যবেক্ষণ করে তদন্ত কমিটি জানায়, কোনো ছবিতেই যমজ সন্তান থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একই ছবিতে একসঙ্গে দুটি শিশুর মাথা, হৃদপিণ্ড কিংবা পেটের ছবি থাকার প্রমাণও মেলেনি। ফলে যমজ সন্তানের কথা উল্লেখ করা শেষ দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ভুল হয়ে থাকতে পারে বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে স্থানীয় বিশেষজ্ঞ আল্ট্রাসনোলজিস্ট ও রেডিওলজিস্ট ডা. এ এস রেজাউল মাহমুদও একই মত পোষণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। নওগাঁর বদলগাছী উপজেলার শ্রী রামপুর গ্রামের শহিদুলের মেয়ে প্রসূতি শান্তনা আক্তারকে সন্তান প্রসবের জন্য শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম হয়। কিন্তু আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে গর্ভে যমজ সন্তান থাকার কথা উল্লেখ থাকায় সিজারের পর জটিলতা তৈরি হয়। যমজ সন্তান থাকার কথা বলা হলেও কেন একটি নবজাতক স্বজনদের কাছে হস্তান্তর করা হলো, এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।এরপর ন্যায়বিচারের দাবিতে নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর থানায় ক্লিনিকের মালিক এনামুল হক, অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. ইসকেন্দার হোসেন ও অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুনসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী একটি ছেলেশিশুসহ মালিনা (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশ। যদিও মালিনা দাবি করেন, তাঁরা শিশুটিকে দত্তক নিয়েছেন।এ বিষয়ে বগুড়া আলবারাকা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বিপুল বলেন, ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর প্রতিষ্ঠানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলেশিশুর জন্ম হয়। তবে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই। পরে তিনি বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টির কথা শুনেছেন।
বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, তাঁর ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে সিজারিয়ান অপারেশন করা হয়েছিল। সেখানে একটি নবজাতকের জন্ম হয়েছিল, যার সব ধরনের প্রমাণ সংরক্ষিত রয়েছে। এমনকি তাঁর প্রতিষ্ঠানে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি। এরপরও তাঁর বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তাঁর সুনাম ক্ষুণ্ন করতে প্রকৃত ঘটনা আড়াল করে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়েছে বলেও তিনি দাবি করেন।এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার করা নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
