আদমদীঘিতে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রকল্প নিয়ে সমন্বয় সভা
নওগাঁর আদমদীঘিতে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত গভার্নইমপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম নিয়ে উপজেলা পরিষদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ইএসডিও গভার্নইমপ্যাক্ট প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভায় সমন্বিত পানি সম্পদ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল করিম, গভার্নইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. পজিদুর রহমান এবং উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।সভায় ইএসডিওর পক্ষ থেকে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন গভার্নইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. পজিদুর রহমান। সমন্বয় সভায় আদমদীঘি উপজেলায় কার্যক্রম বাস্তবায়নকারী বিভিন্ন এনজিওর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
