নওগাঁয় দিনব্যাপী কৃষিঋণ মেলা, কৃষকদের মাঝে ৩ কোটি ৬৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ
কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি এবং কৃষি খাতে ঋণ কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে নওগাঁয় কৃষিঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামসহ অন্যরা।
এ সময় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন ব্যাংকের ৩২টি স্টল অংশ নেয়। এসব স্টলে কৃষকদের বিভিন্ন ধরনের কৃষিঋণ, ঋণ গ্রহণের নিয়ম, শর্ত ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ গ্রহণে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে।দিনব্যাপী এ মেলায় বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণে কৃষকদের মধ্যে মোট ৩ কোটি ৬৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
