Joy Jugantor | online newspaper

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি: সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ১৪ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি: সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি: সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বগুড়া জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়া গ্রামের আবুল হাসানের ছেলে শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নওগাঁ ইসলামী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার ফয়জুল ইসলাম সদর থানায় এ ঘটনায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, শহিদুল ইসলাম রিপন ওই ব্যাংক শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। তার চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে এক লাখ টাকা সীমার একটি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।ওই কার্ড ব্যবহার করে তিনি পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাব নম্বরসহ বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তর করেন।

প্রথমে এক লাখ টাকার কম অঙ্কের লেনদেন করলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিটি লেনদেনে আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করেন, যা অনুমোদিত সীমার বেশি।পুলিশ সুপার জানান, ২০১৫ সালের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত মোট ৪২০টি অতিরিক্ত লেনদেনের মাধ্যমে আসামিরা ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করেন।এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করা হয়। পরে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ও গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়া সদরের বিভিন্ন স্থানে টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপন ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করে।এ সময় তাদের বাড়ির আলমারি থেকে ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবই এবং দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতারণার মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাৎ করে দেড় কোটি টাকায় বগুড়ায় জমি কেনাসহ বিলাসী জীবনযাপন করছিলেন তারা। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা ব্যাংকের কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।