বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে নবীনবরণ, ক্লাস পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন মুখের উচ্ছ্বাস, মঞ্চজুড়ে গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ের প্রাণবন্ত পরিবেশনা। কখনো অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য, আবার কখনো শিক্ষার্থীদের প্রতিভার বর্ণিল প্রকাশ। সব মিলিয়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ, ক্লাস পার্টি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১১টায় শহরের শেরপুর রোডের ভাই পাগলা মাজার লেনে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, বাইবেল ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর আমন্ত্রিত অতিথি ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ওয়াইএমসিএ'র নির্বাহী পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আনন্দময়, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম ক্ষেত্র। শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।বিশেষ অতিথির বক্তব্যে এম আর ইসলাম স্বাধীন বলেন, উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, বগুড়া ওয়াইএমসিএর সভাপতি মিস অর্পনা প্রামাণিক, শিক্ষাপ্রতিষ্ঠানের উপদেষ্টা ও সাবেক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ এবং বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি জর্জ বিশ্বনাথ তিগ্যা।বগুড়া ওয়াইএমসিএ'র এজিএস হিউবার্ড রিমন মারান্ডীর তত্ত্বাবধানে অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয়সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
