Joy Jugantor | online newspaper

নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ১৪ নভেম্বর ২০২৬

নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

নওগাঁয় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা’ শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) শাপলা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকারসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা ও কৃষকরা।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।আয়োজকরা জানান, মেলায় মোট ৮টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি, দেশীয় ফল, ফলের চারা, ফলের জ্যাম-জেলি-আচার এবং আধুনিক কৃষিযন্ত্র প্রদর্শন করা হচ্ছে। মেলার মাধ্যমে দেশীয় ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব ফল চাষে কৃষকরা উৎসাহিত ও উপকৃত হবেন।আয়োজকরা আরও জানান, একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ১২৫ গ্রাম ফল খাওয়ার পরামর্শ থাকলেও বর্তমানে অনেকে মাত্র ৩০ থেকে ৩৫ গ্রাম ফল গ্রহণ করেন। ফলে পুষ্টির চাহিদা পূরণে দেশীয় ফলের গাছ রোপণের পাশাপাশি নিয়মিত ফল খাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় নিজেদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন উদ্যোক্তাও অংশ নিয়েছেন।