নওগাঁয় চাকরির নামে অর্থ আত্মসাতের অভিযোগ, বিষপানে ব্যক্তির আত্মহত্যার চেষ্টা
নওগাঁর মান্দায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় নারী শ্রমিকের চাকরি দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ পানাতার বিরুদ্ধে। চার নারীর কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে লটারিতে তাঁদের কারও নাম না ওঠায় টাকা ফেরত চাওয়া এবং সমিতির ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বিরোধ দেখা দেয়। এর জেরে বিজয় (৪৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের গোড়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে গোড়ড়া গ্রামের গোডাউনসংলগ্ন আদিবাসী পাড়ার চার নারীকে আরআরএমইপি প্রকল্পে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন আব্দুল লতিফ।
এ জন্য বিজয়ের স্ত্রী ষষ্ঠী, নিমন্তর স্ত্রী অনিতা, মিলনের স্ত্রী বিজলী ও সুজনের স্ত্রী সনিতার কাছ থেকে ১০ হাজার টাকা করে নেন তিনি। দরিদ্র ওই নারীরা বিভিন্ন সমিতি থেকে সুদের ওপর ঋণ নিয়ে চাকরির আশায় এসব টাকা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।কিন্তু পরবর্তী সময়ে নিয়োগের জন্য অনুষ্ঠিত লটারিতে তাঁদের কারও নাম ওঠেনি। চাকরি না পেয়ে তাঁরা টাকা ফেরত চাইলে শুরু হয় টানাপোড়েন। অন্যদিকে সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপও বাড়তে থাকে। এ নিয়ে পরিবারগুলোর মধ্যে বিরোধ ও অশান্তির সৃষ্টি হয়। একপর্যায়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিজয় বিষপান করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনার পর স্থানীয় লোকজন আব্দুল লতিফকে আটকে রেখে তাঁর কাছ থেকে কিছু টাকা আদায় করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, শুধু ওই চার নারীই নন, আরআরএমইপি প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে আরও একাধিক নারীর কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে। তবে তাঁদের সংখ্যা ও নেওয়া টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।অভিযুক্ত আব্দুল লতিফ পানাতা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের চকজামদই গ্রামের মৃত বিলা শাহের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। বর্তমানে তিনি প্রসাদপুর বাজারের একটি ভাড়া বাসায় অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এদিকে বিভিন্ন এলাকায় টাঙানো সাইনবোর্ডে দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর স্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা শাখার সহসভানেত্রী এবং মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় এবং স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এলাকায় প্রভাব বিস্তার করেন আব্দুল লতিফ ও তাঁর স্ত্রী। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে তাঁরা এলাকায় নিজেদের প্রভাব বজায় রাখেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেও ভুক্তভোগীরা প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।স্থানীয়দের আরও অভিযোগ, প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ থাকার কারণে তাঁদের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে—এমন আশঙ্কা করেন অনেকে। ফলে চাকরির প্রলোভনে টাকা দেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়া এবং টাকা ফেরত না পাওয়ার মতো পরিস্থিতিতেও অনেকে সহজে মুখ খুলতে চান না।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য কিংবা দলীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, আরআরএমইপি প্রকল্পের আওতায় মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতিটিতে ১০ জন করে মোট ১৪০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। সড়ক রক্ষণাবেক্ষণ ও মাটি কাটার কাজে তাঁদের নিয়োগ করা হয়।ভালাইন ইউনিয়নে ১০টি পদের বিপরীতে আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এ ছাড়া কয়েকজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
নির্বাচিত কেউ কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করলে কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে কাজ করতে না পারলে অপেক্ষমাণ তালিকা থেকে অন্যদের সুযোগ দেওয়ার নিয়ম রয়েছে।নিয়োগ কার্যক্রমে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা উপসহকারী প্রকৌশলী শাহিনুর রহমান, সার্ভেয়ার এহতেশাম বিল্লাহ, ইউনিয়ন প্রশাসক, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে একটি চক্র কৌশলে লটারিতে উপস্থিতি কম দেখানোর চেষ্টা করেছিল। অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকায় অনেকে বাদ পড়েছেন। এতে করে ওই চক্রের কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা ভেস্তে গেছে।
তবে প্রকল্পের চাকরি দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগের সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।অভিযোগের বিষয়ে জানতে আব্দুল লতিফ পানাতার সঙ্গে সরেজমিনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানা সম্ভব হয়নি।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।চাকরির আশায় ঋণ করে টাকা দেওয়া দরিদ্র নারীদের অর্থ ফেরত, বিষপানের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং সরকারি প্রকল্পের নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
