Joy Jugantor | online newspaper

সাবেক কৃষিবিদ পরিবার ক্যানসারে আক্রান্ত ছেলে, জটিল রোগে মা—নেই মাথা গোঁজার ঠাঁই 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩০, ১১ নভেম্বর ২০২৬

সাবেক কৃষিবিদ পরিবার ক্যানসারে আক্রান্ত ছেলে, জটিল রোগে মা—নেই মাথা গোঁজার ঠাঁই 

সাবেক কৃষিবিদ পরিবার ক্যানসারে আক্রান্ত ছেলে, জটিল রোগে মা—নেই মাথা গোঁজার ঠাঁই 

একসময় ছিল সম্মান, সামাজিক মর্যাদা ও স্বচ্ছলতা। পরিবারের অভিভাবক ছিলেন একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা, সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মরহুম ডা. খাদেম আলী। অথচ আজ তাঁরই পরিবার চরম অসহায়ত্ব, দারিদ্র্য ও দুর্বিষহ রোগযন্ত্রণায় দিন কাটাচ্ছে। থাকার মতো জায়গাটুকুও হারিয়ে পরিবারটি এখন তারা  আশ্রয়হীন। একদিকে জটিল ক্যানসারে আক্রান্ত ছেলে নাজমুল ইসলাম, অন্যদিকে তাঁর মা কিডনি ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। অর্থাভাবে বন্ধ হয়ে আছে প্রয়োজনীয় চিকিৎসা। অনেক সময় দুবেলা দুমুঠো খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছে।বগুড়া সদর উপজেলার মালতীনগর গ্রামের এই পরিবারটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে গিয়ে হৃদয়বিদারক চিত্র দেখা যায়। অসুস্থতা, ঋণের বোঝা, অভাব-অনটন আর অনিশ্চিত ভবিষ্যৎ—সব মিলিয়ে পরিবারটির জীবন যেন এক কঠিন সংগ্রামের নাম।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নাজমুল একাধিক জটিল রোগে আক্রান্ত।

বর্তমানে তিনি ক্যানসারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে তাঁর মাও জটিল কিডনি ও ফুসফুসের রোগে আক্রান্ত। মা-ছেলের দুজনেরই নিয়মিত ওষুধ ও চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। নাজমুলের স্ত্রী ও সন্তানরাও অভাব-অনটন এবং পুষ্টিহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।পরিবারের সদস্যদের ভাষ্য, একসময় বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষী তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু চিকিৎসা ও ওষুধের পেছনে সেই সহায়তার অর্থও শেষ হয়ে গেছে। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তাঁদের অনেক ঋণ হয়েছে। এখন আর্থিক সংকট এতটাই প্রকট যে, প্রয়োজনীয় ওষুধ কেনা তো দূরের কথা, প্রতিদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।অসহায় মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে নাজমুলের এতগুলো রোগ। এখন আবার ক্যানসার হয়েছে। আমিও কিডনি ও ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। ছেলের চিকিৎসা, আমার ওষুধ—কোনোটাই ঠিকমতো চালাতে পারছি না।

একসময় অনেকে সাহায্য করেছেন, কিন্তু সেই টাকা চিকিৎসার পেছনেই শেষ হয়ে গেছে। এখন আর কেউ খোঁজ নেয় না। আত্মীয়স্বজনও আর সাহায্য করতে চান না। অনেক ঋণ হয়ে গেছে। দুবেলা দুমুঠো খাবারও ঠিকমতো জোটে না। আমার ছেলের এই কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহর কাছে শুধু দোয়া করি, তিনি যেন আমাদের প্রতি রহম করেন।”সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, পরিবারটির মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও এখন আর অবশিষ্ট নেই। একসময় যে পরিবারে ছিল সম্মান ও সামাজিক পরিচিতি, আজ সেই পরিবারের সদস্যদের নিরাপদে থাকার জায়গাটুকুও অনিশ্চিত। চিকিৎসার অভাবে একদিকে মা-ছেলের জীবন সংকটাপন্ন, অন্যদিকে পরিবারের স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎও চরম অনিশ্চয়তার মুখে।এলাকাবাসী জানান, একসময় এই পরিবারকে অনেকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘদিনের অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে পরিবারটি আজ নিঃস্বপ্রায়। সরেজমিনে তাঁদের এমন দুরবস্থা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এলাকাবাসীর মতে, একজন সাবেক বিসিএস ক্যাডার কর্মকর্তার পরিবারের এমন মানবেতর জীবন কোনোভাবেই কাম্য নয়।এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন, কৃষিবিদ সমাজ, বিসিএস ক্যাডার কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী এবং দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান মানুষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।