শেরপুরে অটোরিকশাচালক হত্যা: দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আশাদুল ইসলাম হত্যা মামলার আসামি রিয়াদ ও ফরিদা বেগমের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় শেরপুর উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আশাদুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁরা মামলাটির সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আসামিদের দ্রুত বিচার এবং গ্রেপ্তারকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে নিহত আশাদুলের মা আনজু বেগম, ভাই ফারুক, স্থানীয় বাসিন্দা আবদুল বারী, আজম আলী, মজিবর রহমান, একরাম হোসেন ও গোলাম রব্বানী বক্তব্য দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আশাদুল ইসলাম (২৫)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর ২৭ অক্টোবর দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পূর্ব পাড় থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী এই মানববন্ধন করেন।এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, ক্লুলেজ এই হত্যার রহস্য দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিচার কার্যক্রম চলমান রয়েছে।
