‘প্রাথমিক স্তরে STEM শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’শীর্ষক মতবিনিময় সভা
গণসাক্ষরতা অভিযান এবং নেট্জ বাংলাদেশ এর যৌথ আয়োজনে আজ ১১ নভেম্বর ২০২৬ বুধবার দুপুর ১২ টায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে STEM শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এম.পি। সভায় সভাপতিত্ব করেন ও উন্মুক্ত আলোচনা সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক স্তর থেকেই আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে কেবল পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক না রেখে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের ক্রমবর্ধমান প্রভাবের এই সময়ে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি (Critical Thinking) এবং সামগ্রিক বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব। প্রাথমিক স্তর থেকেই STEM (Science, Technology, Engineering and Mathematics) শিক্ষার সমন্বিত প্রয়োগ, হাতে-কলমে শেখা এবং আনন্দময় শিখনের পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে।তিনি আরও বলেন, বর্তমান সময়ে অনেক শিশু অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল ডিভাইসে ব্যয় করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে। অনেক প্রচলিত কাজের ধরন পরিবর্তিত হবে কিংবা কিছু কাজের প্রয়োজনীয়তা কমে আসবে। ফলে আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই তাদের Critical Thinking, Analytical Ability, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু শেখার সক্ষমতা গড়ে তুলতে হবে। শুধু তথ্য জানা নয়, তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তৈরি করাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য।শিক্ষকদের বেতন প্রসঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনের তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি শিক্ষকদের বেতনকে পর্যাপ্ত বলেছেন—এমন ধারণা সঠিক নয়।
তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ পেশা। আগামী প্রজন্মের জন্য সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হলে শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, একজন কৃষক যেমন পরবর্তী মৌসুমের জন্য সেরা বীজ সংরক্ষণ করেন, তেমনি আগামী প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদেরও সবচেয়ে মেধাবী মানুষদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে।আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যেন শুধু উপস্থিতি নিশ্চিত করার জন্য নয়, বরং বিদ্যালয়ে নতুন কিছু শেখার আনন্দ ও আগ্রহ নিয়ে আসে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
এ লক্ষ্যে ইতোমধ্যে পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা (Learning-based Games) ডিজাইনের কাজ শুরু হয়েছে। শ্রেণি ও পাঠভিত্তিক এসব খেলার মাধ্যমে বাংলা, গণিত, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের পাঠকে শিশুদের কাছে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলা হবে।তিনি বলেন, প্রাথমিক শিক্ষার পরিমার্জিত কারিকুলামে শুরু থেকে শেষ পর্যন্ত STEM শিক্ষার বিষয়টি সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষামূলক খেলনা (Learning Toys) ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যেমন প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত খেলনা ও উপকরণ ব্যবহার করা যেতে পারে। কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের খেলনা বা উপকরণ ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, সে বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।
সভার শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ। এরপর ‘প্রাথমিক স্তরে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষা সংক্রান্ত সমীক্ষার ফলাফল’-এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কিল ইন্সপায়ারের লিড কনসালট্যান্ট মোঃ আতাউল গনি ওসমানি। তিনি তার উপস্থাপনায় সুপারিশ হিসেবে প্রাথমিক শিক্ষার বিদ্যমান পাঠ্যক্রমের সঙ্গে STEM-ভিত্তিক অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের চর্চাকে আরও কার্যকরভাবে যুক্ত করতে হবে; শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, মেন্টরিং ও শ্রেণিকক্ষভিত্তিক সহযোগিতা নিশ্চিত করতে হবে; প্রতিটি বিদ্যালয়ে স্বল্প ব্যয়ে স্থানীয় উপকরণনির্ভর STEM কর্নার ও পুনর্ব্যবহারযোগ্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করতে হবে; শিক্ষকস্বল্পতা ও অপ্রয়োজনীয় প্রশাসনিক কাজ কমিয়ে পাঠদানের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে ।
পাশাপাশি দুর্গম, দুর্যোগপ্রবণ ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশু, বিশেষ করে মেয়েশিশু ও শিখন-প্রতিবন্ধকতার মুখোমুখি শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করে লিঙ্গ ও অন্তর্ভুক্তিভিত্তিক পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে মূল্যবান মতামত প্রদান করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (প্রাথমিক) ও উর্ব্ধতন বিশেষজ্ঞ প্রফেসর মো: নুরুন্নবী আলম, নেট্জ-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম। সমাপনী বক্তব্যে সভার সভাপতি রাশেদা কে. চৌধুরী উপস্থিত অতিথিবৃন্দ, গবেষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি প্রাথমিক শিক্ষায় বৈষম্য দূর করে মানসম্মত ও যুগোপযোগী STEM শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
