Joy Jugantor | online newspaper

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ২৭ নভেম্বর শুরু,

৮ গুণীজন পাচ্ছেন লেখক চক্র পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ১৪ নভেম্বর ২০২৬

৮ গুণীজন পাচ্ছেন লেখক চক্র পুরস্কার

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ২৭ নভেম্বর শুরু, ৮ গুণীজন পাচ্ছেন লেখক চক্র পুরস্কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলনের তারিখ ও ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হবে।শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান বগুড়া লেখক চক্রের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রহমান রাজু (আনর্ত পত্রিকার জন্য), গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নীকা আলপনা, ফটোসাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে মো. বায়েজিদ শেখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।তিন দিনব্যাপী এ সম্মেলনে বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মী অংশ নেবেন। সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ঐক্ষণ’, দুটি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ড্রনগর’ নামে একটি স্মারকগ্রন্থ এবং বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ প্রকাশিত হবে।সম্মেলনের দ্বিতীয় দিন ২৮ নভেম্বর বিকেল ৪টায় নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে। প্রধান অতিথি তাঁদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় তুলে দেবেন।

লিখিত বক্তব্যে কবি ইসলাম রফিক আরও বলেন, ‘সংস্কৃতি জনগণের সম্পদ’ স্লোগানকে ধারণ করে বগুড়া লেখক চক্র দীর্ঘ ৩৮ বছর ধরে কাজ করে যাচ্ছে। সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে ১৯৮৯ সাল থেকে সংগঠনটি বগুড়া লেখক চক্র পুরস্কার প্রবর্তন করে। প্রতি বছরের মতো এবারও কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মোমিন জিন্নাহ এবং শ্রুতিনন্দনের পরিচালক মুরাদ সিদ্দিকী লিটন।এ ছাড়া বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক খৈয়াম কাদের, সহসভাপতি কবি হাবিবুল্লাহ জুয়েল এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল।

এ সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি আমির খসরু সেলিম, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, নির্বাহী সদস্য কবি মাহবুব টুটুল, কবি বিশ্বজিৎ দাশ, কবি শাকিবুল শাকিল, কবি শাহনূর শাহীন, কবি প্রতীত সিদ্দিক, আব্দুল আলিম, বাণী রানী পাল, সাহানা আক্তার, পারভীন নাহার, সম্পা রানী মোহন্ত, বেলাল সরকার, বখতিয়ার হোসাইন ও মোমিন শাওনসহ সংগঠনের অন্যান্য কবি উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সংগঠন ‘দল অন্যরকম’-এর প্রতিনিধি অলক পালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কবি সম্মেলন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, পেশাজীবী, সংস্কৃতিজন ও সুধীজনসহ সবার সহযোগিতা কামনা করেন কবি ইসলাম রফিক।