Joy Jugantor | online newspaper

নওগাঁয় নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ১৬ নভেম্বর ২০২৬

নওগাঁয় নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

নওগাঁয় নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে নওগাঁ জেলা পরিষদ পার্কে ‘ঐক্যতান সংগীত সংস্কৃতি সৃজন সংগঠন’-এর উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়। সেখানে নাচ-গানে মেতে ওঠেন সাংস্কৃতিক কর্মীরা। পাশাপাশি বসে পিঠা-পুলির দোকান। বিকেলে ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে নবান্ন উৎসবের আয়োজন করা হয়।

নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। নতুন ধান কাটা এবং সেই ধানের চালের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করেই উদযাপিত হয় এ উৎসব। নবান্নকে ঘিরে চারদিকে ছড়িয়ে পড়ে নতুন ধানের মিষ্টি ঘ্রাণ। বাংলার চিরায়ত ঐতিহ্যের এ উৎসব ঘিরে বিরাজ করে আনন্দ, উচ্ছ্বাস ও নতুন ধানের প্রাণচাঞ্চল্য। উৎসবে অতিথিদের নতুন ধানের চালের তৈরি পায়েস, খাগড়াই, বাতাসা ও মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

আয়োজকরা জানান, বাঙালির পুরোনো ঐতিহ্য ও সংস্কৃতির অংশ নতুন ধানের চালের পায়েস খাওয়ার প্রচলন দিন দিন হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতেই নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। নতুন চালের তৈরি বিভিন্ন ধরনের পিঠা-পুলি, পায়েসসহ নানা খাবার পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানিয়ে খাওয়ানোর মধ্যেও রয়েছে আনন্দ। পাশাপাশি সামাজিকভাবে প্রচলিত নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। হারিয়ে যাওয়া এ সংস্কৃতি নতুন করে ফিরিয়ে আনার আহ্বান জানান আয়োজকরা।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন লিটন বলেন, অগ্রহায়ণ মাসে বাংলার চিরাচরিত নিয়মে আমন ধান কাটা-মাড়াই শুরু হয়। নতুন চালের তৈরি পায়েস, পোলাওসহ বিভিন্ন খাবার রান্না করে স্বজনদের আমন্ত্রণ জানিয়ে খাওয়ানোর মধ্যেও রয়েছে আনন্দ। নবান্ন যে একটি উৎসব, তা নতুন প্রজন্মকে জানানো প্রয়োজন। এটি ফসল ও কৃষকের উৎসব, শস্যের উৎসব এবং বাঙালির নিজস্ব সংস্কৃতির অংশ। তবে এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তাই তা নতুন করে চালু করা দরকার।একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আবদুল বারী বলেন, নবান্ন বাংলার আদি সংস্কৃতির একটি অংশ। আমরা যেন এ সংস্কৃতি ভুলে না যাই। নতুন প্রজন্মের কাছে শেকড়ের এ ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এ আয়োজন। নবান্ন একটি অসাম্প্রদায়িক ও আবহমান বাংলার উৎসব। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এ উৎসব উদযাপন করে।