৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে সিরিজে সমতা আনলো স্বাগতিকরা।সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম ল্যাথাম। ম্যাচের শুরু থেকেই বোলিংয়ে শৃঙ্খলা দেখায় বাংলাদেশ। কিউইদের ২০০ রানের আগেই থামিয়ে দেয় তারা। পেসার নাহিদ রানা ছিলেন সবচেয়ে কার্যকর, একাধিক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ইনিংসের গতি থামিয়ে দেন। পুরো ইনিংসে ধুকতে থাকা নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো হলেও দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসান ও সৌম্য সরকার আউট হলে কিছুটা শঙ্কা তৈরি হয়। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ৩৩ বলে ফিফটি তুলে নেন তানজিদ তামিম। তাদের ১২০ রানের জুটি কার্যত ম্যাচ শেষ করে দেয়।তানজিদের আগ্রাসী ব্যাটিং ছিল চোখে পড়ার মতো মাত্র ৫৮ বলে ৭৬ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তিনি। অন্যদিকে শান্ত খেলেন ধীরস্থির ইনিংস, ৫০ রান করে অপরাজিত থাকেন (রিটায়ার্ড হার্ট)।শেষ পর্যন্ত ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ, যা দলের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে। বোলিং ও ব্যাটিং- দুই বিভাগেই সমন্বিত পারফরম্যান্সই এনে দিয়েছে এই জয়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ এখন সমতায়। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দলই নামবে সমান সম্ভাবনা নিয়ে।
